গাইবান্ধায় নিখোঁজের তৃতীয় দিনে নাজমুল হুদা নিয়ন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। পরিবারে স্ত্রী ছাড়াও দুই মেয়ে রয়েছে তার।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। এর মধ্যে বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে নিয়ন, নেহাল, সীমান্ত ও স্ত্রী যুথিসহ চারজন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে যান। এসময় যুথি নদীর পাড়ে ছিল আর তিনজন গোসলে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে এলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করেন। তারা এদিন দুপুর ২টা ৪০ মিনিটে ঘটনা স্থলে আসেন। এরপর সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত ডুবুরি দল সম্ভাব্য স্থানে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালায়। পরদিন শুক্রবার দিনভর খোঁজ করেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ শনিবার তৃতীয় দিন দুপুরে ঘটনা স্থল থেকে ১০০০ মিটার দূরে কাদামাটিতে চাপা পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রিপোর্টারের নাম 















