>গাইবান্ধায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্বের জেরে জহুরুল প্রধান (৫৫) নামে এক বৃদ্ধকে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক জিহাদ ইসলামের বিরুদ্ধে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান মধ্যপাড়া গ্রামের মৃত মমতাজ প্রধানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সীমানা প্রাচীরের জায়গা নিয়ে জহুরুল প্রধানের সাথে প্রতিবেশী জিহাদ ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে জিহাদ বাড়ির পাশে মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গার ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন।এসময় জহুরুল প্রধান গিয়ে বাঁধা দিলে জিহাদ ক্ষুব্ধ হয়ে জহুরুলকে হাত দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একপর্যায়ে জিহাদ তার বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। বুকে উপর্যুপরি আঘাত সহ্য করতে না পেরে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ জহুরুল প্রধান। এসময় স্থানীয়রা আশংকাজনক অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, এর আগেও একবার জিহাদ আমাদের বাড়ির জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করলে আমরা বাঁধা দেই। তখন সে শালিস ডাকে। আমিন এসে জায়গা মেপে দেখে জিহাদ কোনো জায়গা পায় না। আজকেও প্রাচীর নির্মাণ করার সময় আমার স্বামী বাঁধা দেয়। এসময় সে আমার স্বামীর বুকে অনবরত কিল-ঘুষি মারতে থাকে, আর বলতে থাকে আজকে তোক শেষ করে দিব। এই কথা বলতে থাকে আর আঘাত করতে থাকে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, জিহাদের ফাঁসি চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘আমরা দুপুরে এ খবর পাই। এ ঘটনায় লাশ ময়নাতদন্তর জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন ব্যস্ত থাকায় এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রিপোর্টারের নাম 










