গাইবান্ধায় দিনভর খোঁজাখুজি করেও নাজমুল হুদা নিয়ন (৪০) নামের এক নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। পরিবারে স্ত্রী ছাড়াও দুই মেয়ে রয়েছে তার।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। এর মধ্যে বুধবার বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে নিয়ন, নেহাল, সীমান্ত ও স্ত্রী যুথিসহ চারজন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে যান। এসময় যুথি নদীর পাড়ে ছিল আর তিনজন গোসলে নামেন। একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে এলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।
নিহতের বোন জামাই মাসুদ মিয়া জানান, ‘নিয়ন তার স্ত্রী যুথিসহ চারজন নদীতে গোসল করতে যান। স্ত্রী যুথি নদীর পাড়েই বসেছিলেন। তিনজন নদীতে গোসলে নামেন। গোসলের একপর্যায়ে হটাৎ করেই নিয়ন পানিতে তলিয়ে যান। ভাগ্নে নেহাল ও সীমান্ত পাড়ে উঠে এলেও নিখোঁজ হয়ে যান নিয়ন। আজ দিনভর খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন বলেন, ‘খবর পেয়ে দুপুর ১টার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করেন। তারা দুপুর ২টা ৪০ মিনিটে ঘটনা স্থলে আসেন। এরপর সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত ডুবুরি দল সম্ভাব্য স্থানে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালায়। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
এদিকে, স্বজনের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিয়নের নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানোর অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।
রিপোর্টারের নাম 














