গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন রাখার অপরাধে মাদক মামলায় তৌহিদ আরমান সিমান্ত (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত তৌহিদ আরমান সিমান্ত গাইবান্ধা সদর উপজেলার পশ্চিমপাড়া গোডাউন রোড এলাকার বাসিন্দা রোমান আরফিন সুমন ওরফে নেটা সুমনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পান পুলিশ। পরে পুলিশ ধাওয়া করে গ্রেফতারের চেষ্টা করলে আসামি একটি গ্যারেজের ভিতর প্রবেশ করে। সেখানে থেকে যুবক সীমান্তকে আটক করে সদর থানা পুলিশ। এসময় তার জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ২৯ হাজার টাকা। পরে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।
বিকেলে রায়ের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা কোর্টের জিআরও সুব্রত রায়।
রায়ে সন্তোষ প্রকাশ করে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি)অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। মাদকের মতো ভয়াবহ মামলায় এধরণের রায় বেশি হলে সমাজে মাদক ব্যবসা করতে মানুষ কিছুটা হলেও নিরুৎসাহিত হবে।’
রিপোর্টারের নাম 
















