গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় হুমাইরা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নলডাঙ্গা-রহমতপুর সড়কের কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমাইরা খাতুন নলডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা ও পীরগাছার দেবী-চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় হুমাইরা তার ফুফু মিনা বেগমের সঙ্গে সড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তাঁর ফুফাতো ভাইয়ের মেয়ে। হুমাইরার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।
বুধবার রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ‘কিছুক্ষণ আগে খবর পেয়েছি। নিহত শিশুর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রিপোর্টারের নাম 
















