গাইবান্ধা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে এসআরবি-১৩ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩) গাইবান্ধা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি- ১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে তিনটার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গাইবান্ধা সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচ থেকে একটি সাদা রঙের কাটা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা মুঠোফোনে জানান, ‘এসআরবি’র উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো থানায় জমা দিয়েছেন। এগুলো থানার জব্দকৃত তালিকায় নথিভুক্ত করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রিপোর্টারের নাম 

















