গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প।
শুক্রবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম (হেরোইন পল্লী হিসেবে খ্যাত) এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে এসআরবি-১৩’র এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবির অতিরিক্ত পুলিশ বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি-১৩ জানায়, রাইগ্রামের ৫ নম্বর ওয়ার্ডে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বাম পাশে কলাবাগান সংলগ্ন একটি কালভার্টের নিচের পূর্ব পাশে অভিযান চালানো হয়। সেখানে একটি খাকি রঙের শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখা যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে একটি লোহার দেশীয় তৈরি ট্রিগারযুক্ত ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওয়ান শুটারগানটির ব্যারেলের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য ৩ ইঞ্চি বলে জানিয়েছে এসআরবি। এসআরবি-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনাগত প্রক্রিয়া শেষে ব্জিডির মাধ্যমে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান মুঠোফোনে জানান, যেহেতু অস্ত্র ও গুলিগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া গেছে, সে কারণে উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকায় নথিভুক্ত করা হবে।’
রিপোর্টারের নাম 















