গাইবান্ধা শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে পলি বস্তায় চাল রাখার দায়ে রঞ্জু ভ্যারাইটিজ নামে একটি দোকানিকে ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পলি বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির বিষয়টি তদারকি করা হয়।
অভিযানকালে রঞ্জু ভ্যারাইটিজ নামে একটি দোকানে পলি বস্তায় চাল রাখার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পলি বস্তার ব্যবহার না করার জন্য দোকানিকে সতর্ক করা হয়।
অভিযানে গাইবান্ধা জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) আশরাফুল হক,গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহাবুব আলম বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহাবুব আলম বিশ্বাস জানান, পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলি বস্তার ব্যবহার বন্ধে প্রশাসন ও পাট অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের পলি বস্তার পরিবর্তে পাটজাত ও পরিবেশবান্ধব বস্তা ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ বা ক্ষতিকর পলি বস্তায় পণ্য সংরক্ষণ ও বাজারজাত না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 














