গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট জেলা ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ফুলছড়ি উপজেলার ২ নম্বর উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মো. রেজা মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সময় রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মো. আনারুল ইসলাম (৩৫) জানালা দিয়ে পালিয়ে যায়।
পরে রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটক ব্যক্তি আয়নাল হকের দেহ তল্লাশি করে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার রেজা মিয়া ও আয়নাল হক ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকার বাসিন্দা। পলাতক আনারুল ইসলামও একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় ২৯ আগস্ট মামলা নম্বর-০৯ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৩৬(৫)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 













