গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আরাফ(২) ও মিফতাহুল জান্নাত (২) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে একসঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলছিল দুই ভাইবোন। এ সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। সাঁতার না জানা শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের, সব সময় নজরে রাখার অনুরোধ জানান তিনি।’
রিপোর্টারের নাম 















