গাইবান্ধা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৩০ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ কোমরপুর গ্রামের রাসেল মিয়া (৩০), পিতা—একাব্বর মিয়ার বসতবাড়ির শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, একটি চাইনিজ কুড়াল সদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
পরে রাসেল মিয়াকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টা ৫০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের ব্রিজরোড কালীবাড়ি এলাকার হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০), পিতা—মৃত আব্দুস সাত্তারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হৃদয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তার বসতবাড়ির পূর্ব পাশের শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি লোহার ধারালো ছোরা ও লোহার বাটযুক্ত একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধ সংঘটন ও ভয়ভীতি প্রদর্শনে ব্যবহার করে আসছিলেন।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি অস্ত্র আইনের মামলা করা হয়েছে।
রিপোর্টারের নাম 








