গাইবান্ধার সুন্দরগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পরপর বিকট শব্দে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়। এসময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের খোসাগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রিপোর্টারের নাম 


















