স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক পিটন, হারুন অর রশিদ রাহাত খান এবং জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ স্থানীয় নেতারা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দলের পক্ষে জনমত গঠন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, দলের নীতি ও নির্দেশনার আলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে। এ সময় নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভা শেষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের তালিকা করা হয়। এ তালিকার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলের প্রাথমিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
রিপোর্টারের নাম 















