গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলছড়ি থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দাখিল করেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
অভিযোগপত্রে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের সুমন মোল্লা, বাদশা মোল্লা, জাহিদ হাসান নয়ন, ফজলে রাব্বি , এএসএম রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ওরফে শফি এবং মোতালেব হোসেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী মাহমুদুল হাসান অভিযোগপত্রে উল্লেখ করেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর প্রচারণা চালিয়েছেন। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মাহমুদুল হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আবেগের জায়গা। তাঁকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ বা কটূক্তি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন সুমন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর দাবি, তাঁর বাবা এরেন্ডাবাড়ী ইউনিয়নের একজন ইউপি সদস্য। বাবার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ফুলছড়ি থানা অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে।
রিপোর্টারের নাম 











