দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু ও সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানীসহ বিএনপি ও শ্রমিক দলের নেতারা।
বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়। কোনো ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতার কারণে যাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি, শ্রমিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















