গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে বাস, মিনি বাস, মালিক সমিতির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় এ অবরোধ করেন তারা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পযর্ন্ত চলে অবরোধ। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে ছোট-বড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল-ইয়াসা রহমান তাপাদার ও পলাশবাড়ী থানা ওসি সরোয়ারে আলম খান ঘটনাস্থলে গিয়ে তাদের দ্বন্দ্ব নিরসনে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
বাস,মিনি বাস মালিক সমিতির সহ সভাপতি রবিউল ইসলাম লিয়াকত অভিযোগ করেন বলেন, গাইবান্ধা-পলাশবাড়ীসহ বিভিন্ন সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করা হচ্ছে। একটি গাড়ী থেকে ২০০ থেকে ৩০০ টাকা পযর্ন্ত চাদা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকে রাখা হয়। এতে পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন। বর্তমানে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। তাই আজ সড়ক অবরোধ করছি।
এদিকে,বিকেল চারটার দিকে পলাশবাড়ী চার মাথায় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিক সংগঠনগুলো। এসময় তারা যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে তারা বিক্ষোভ ও অবরোধ তুলে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান। তিনি মুঠোফোনে জানান, মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের দ্বন্ধের জেরে অবরোধের ঘটনা ঘটে। বৈধ কাগজপত্র নিয়ে রাত ৮ টার দিকে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
রিপোর্টারের নাম 


















