গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ আঁখি ও তার পাঁচ বছরের ছেলে আহনাব আদিলকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।এসআরবি জানায় নিহত আঁখির সতিন শাহিনা বেগমের সঙ্গে আনন্দ বাবু বাদলের পরকীয়া সম্পর্ক ছিল। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় আঁখিকে হত্যার পরিকল্পনা করা হয়। এ সময় ঘটনাটি দেখে ফেলায় হত্যা করা হয় পাঁচ বছরের শিশু আহনাবকেও।এ ঘটনায় শাহিনার (২৬) পরকীয়া প্রেমিক ও মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পঞ্চগড়ের বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রাম থেকে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করা হয়। এসআরবির নীলফামারী ও গাইবান্ধা ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাদল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে। তিনি এ মামলার ১ নম্বর আসামি শাহিনা বেগমের পরকীয়া প্রেমিক এবং নিহত আঁখির স্বামী আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠজন।
প্রেস ব্রিফিংয়ে এসআরবি জানায়, প্রায় ১৬-১৭ বছর আগে আব্দুর রাজ্জাক আকন্দের সঙ্গে আঁখির বিয়ে হয়। তাদের সংসারে রেজওয়ানা আক্তার (১৫), রাইশা আক্তার রাহি (৯) ও আহনাব আদিল (৫) নামে তিন সন্তান রয়েছে। আব্দুর রাজ্জাক বর্তমানে ঠাকুরগাঁও জেলায় কর্মরত।
রেলওয়ের বামনডাঙ্গায় কর্মরত থাকাকালে শাহিনা বেগমের সঙ্গে আব্দুর রাজ্জাকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে প্রায় চার বছর আগে শাহিনাকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। পরে দুই সতিনের মধ্যে বিরোধ তৈরি হলে সন্তানদের নিয়ে স্বামীর কর্মস্থল বামনডাঙ্গায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আঁখি। অন্যদিকে শাহিনা থাকতেন সুন্দরগঞ্জের দুলাল গ্রামের বাড়িতে। পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাকের কর্মস্থল বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও তার সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার আঁখি তার সতিন শাহিনা বেগম ও আনন্দ বাবু বাদলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তাদের মধ্যকার পরকীয়ার সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় আঁখিকে হত্যার পরিকল্পনা করেন শাহিনা ও বাদল। পরিকল্পনা অনুযায়ী, পরদিন মঙ্গলবার আঁখি ও তার পাঁচ বছরের ছেলে আহনাবকে হত্যা করা হয়।
এসআরবি জানায়, বিকালে ঘুমন্ত আঁখিকে বালিশ চাপায় হত্যার সময় তার শিশু সন্তানের ঘুম ভেঙে যায়। সে ঘটনাটি দেখে ফেলায় বালতির পানিতে চুবিয়ে তাকেও হত্যা করা হয়। পরে মা ও ছেলের মরদেহ শয়ন কক্ষে পড়ে থাকে। পরবর্তীতে সন্ধ্যায় ভুক্তভোগীর বড় মেয়ে বাইরে থেকে বাড়িতে ফিরে এসে ঘরে মরদেহ দেখে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদস্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় বুধবার দিবাগত রাতে নিহত আঁখির বাবা আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নামীয় নয়জন ও অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অভিযান শুরু করে এসআরবি। মামলার প্রায় তিন ঘণ্টার মধ্যেই নীলফামারী ও গাইবান্ধা এসআরবির যৌথ দল পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন থেকে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে।
এই হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার সম্পর্ক ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত অন্য আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি বাদলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এসআরবি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামের নিজ বাড়ি থেকে আইনুর নাহার আঁখি (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে আহনাব আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি ওই এলাকার বাসিন্দা এবং রেলওয়ের টাইম কিপার পদে কর্মরত আব্দুর রাজ্জাক আকন্দের প্রথম স্ত্রী। আহনাব আদিল তাদের তৃতীয় সন্তান। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই বাড়ি থেকে আঁখির সতিন শাহিনা বেগমকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রিপোর্টারের নাম 

















