গাইবান্ধার প্রয়াত জনপ্রিয় শিল্পী রাজা মিয়ার সৃষ্ট গান নিজের নামে দীর্ঘদিন ধরে প্রচার করার অভিযোগ উঠেছে শিমুল হাসান বাউলের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন রাজা মিয়ার মেয়ে রোজিনা বেগমসহ তার অন্যান্য সন্তানরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুজিনা বেগম বলেন, তার বাবা রাজা মিয়া গাইবান্ধার একজন জনপ্রিয় লোকবাউল শিল্পী ছিলেন। ১৯৮০-এর দশকে তার বাবার একটি অ্যালবাম প্রকাশিত হয় এবং তিনি অসংখ্য জনপ্রিয় গান রচনা করেন। ১৯৯৮ সালে রাজা মিয়া মারা যাওয়ার পর তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসহ সন্তানদের রেখে যান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, রাজা মিয়ার জনপ্রিয় গানগুলোর মধ্যে “প্রেমের কি নাম দিব—” গানটি শিমুল হাসান বাউল দীর্ঘদিন ধরে নিজের নামে প্রচার করে আসছেন। অভিযোগকারীদের দাবি, একাধিকবার বিষয়টি তাকে জানানোর পরও গান থেকে তার নাম বাদ দেওয়া হয়নি।
এ কারণে রাজা মিয়ার মেয়েরা জানান, তারা গানটির প্রচার ও ব্যবসায়িক ব্যবহারের অনুমতি ফোক বাংলা এন্টারটেইনমেন্টকে দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী, ফোক বাংলা এন্টারটেইনমেন্টের মাধ্যমে গানটি প্রচার ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তাদের অভিযোগ, এর পরও বিভিন্ন মাধ্যমে গানটি রাজা মিয়ার নাম বাদ দিয়ে শিমুল হাসানের নামে প্রচার করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে তারা শিমুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি যেসব প্ল্যাটফর্মে গানটি রাজা মিয়ার নাম ছাড়া শিমুল হাসানের নামে প্রচার করা হচ্ছে, সেসব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান রাজা মিয়ার মেয়েরা।
রিপোর্টারের নাম 




















