পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, মাহমুদুল হক রাছেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম ও আসাদুজ্জামান খন্দকার মাসুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 


















