সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে সাতটি জিপারে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিশ আহমদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালপাড় হাটি ব্রিজ এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পায় পুলিশ। পরে দিরাই থানার একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় শিশ আহমদকে আটক করা হয়। অপর ব্যক্তি পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শিশ আহমদের হেফাজতে থাকা সাতটি জিপার তল্লাশি করে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 


