চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। এ সময় পরীমণির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পুলিশ লাইন সড়কে আয়োজিত এ প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা পরীমণির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাংবাদিকদের সম্মান, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শেখ হাবিবুর রহমান, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আফরুজা লুনা, সাঘাটা উপজেলার কালবেলার প্রতিনিধি আনোয়ার হোসেন আনোয়ার, গণমাধ্যমকর্মী ওমর ফারুক রনিসহ অন্যান্য সাংবাদিকরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাকে গালিগালাজ করেন চিত্রনায়িকা পরীমণি।
বক্তাদের দাবি, ওই সাংবাদিকের একটি হাত প্রতিবন্ধী সে কোনভাবে অশালীন স্পর্শের করতে পারে না।এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের অপমান, হুমকি কিংবা হয়রানির শিকার হবেন, তা মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও পেশাগত নিরাপত্তা রক্ষায় প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
নিজস্ব প্রতিবেদক 
















