গাইবান্ধায় অবৈধভাবে গ্যাস মজুত ও সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন। এসব অভিযানে প্রায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় অবস্থিত এম এস ফিলিং স্টেশন (এলপিজি) প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। অবৈধভাবে গ্যাস মজুতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুই কর্মচারী আশরাফুল উলদ্দৌলা ও আব্দুর রহিমকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটি ১৩ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অপর একটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।
দুটি পৃথক অভিযানে সর্বমোট প্রায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 








